নারায়াণগঞ্জ

তিন সাংবাদিককে প্রকাশ্যে বেধড়ক মারধর, আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন তিন সাংবাদিক। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- জাগো নিউজ অনলাইনের প্রতিনিধি মো. আকাশ,  স্থানীয় অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ এর ক্যামেরা পারসন আবদুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু। তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলাকারী ও আটককৃত কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০)। তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আতা-ই-রাব্বির বাবা। 

আহত সাংবাদিক মো. আকাশ বলেন, ওই এলাকার এক নারীর অভিযোগ ছিল তাদের জমি দখল করে রেখেছিল শাহাদাত নামে বিএনপির এক নামধারী নেতা ও তার ছেলে রাব্বি। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ফতুল্লা থানায় একাধিকবার অভিযোগ করেছেন। এ বিষয়টি সংবাদ সংগ্রহ করতে বুধবার বিকেল ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলার খবর পেয়ে শাহাদাত তার লোকজন নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমাকে ও আমার সঙ্গে থাকা ক্যামেরা পারসন আবদুল্লাহ আল মামুন ও আয়াজকে বেধড়ক মারধর করে। এর এক পর্যায়ে আমাদের টেনে-হেঁচড়ে একটি কক্ষে আটকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এ সময় আমাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে। পরে খবর পেয়ে অন্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করে। এ ঘটনায় পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করেছে। পরে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের মারধর করা হয়। এ ঘটনায় শাহাদাত নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com